নালন্দা

নালন্দা

‘নালন্দা’ : সংস্কৃতি সমন্বিত সাধারণ শিক্ষার বিদ্যালয়
শিশুদের সামূহিক বিকাশকেন্দ্র নালন্দা। শিক্ষাকর্মী ও পরিচালনা পর্ষদের প্রত্যেকের লক্ষ্য শিশুর গ্রহণ ও ধারণক্ষমতা বৃদ্ধি এবং তার পরিণতিতে শিশুচিত্তে উদ্ভাবন-মনস্কতা ও বিচার-বোধ উস্কে দেওয়া। সমস্তই সম্ভব যদি শিশুকে আগ্রহী করে তোলা যায়। শিশুর আগ্রহ ছোটে আনন্দের দিকে। নালন্দার অতিক্রান্ত-শৈশব সকল দায়িত্বপ্রাপ্ত মানুষ নিজেরা আনন্দের খনি, শিশুদের অনুক্ষণ আনন্দের উৎস ও সঙ্গী। ২০০৩ সালে তিনটি শ্রেণি নিয়ে যাত্রা শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর একটি করে শ্রেণি বাড়ানো হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রচলিত শিক্ষা পদ্ধতি থেকে প্রতিষ্ঠিত, আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিগুলির ভালো দিকগুলো পর্যালোচনা করে তা বাঙালি সংস্কৃতি ও মূল্যবোধ দিয়ে জারিত করে পাঠক্রম ও শিক্ষা পদ্ধতি নির্ধারণ করার চেষ্টা হয়েছে নালন্দায়। প্রতিদিনের অভিজ্ঞতার আলোকে প্রতিনিয়ত এই পদ্ধতি ও পাঠক্রমের প্রয়োজনীয় পরিবর্তন ও উন্নয়ন সাধন করা হচ্ছে।