নির্ধারিত বক্তৃতামালা - Archive
মানুষের সভ্য হয়ে ওঠা ও সমাজের প্রগতির সঙ্গে আলো ও নিঃশ্বাসের মতো আত্মার সর্ম্পক সংস্কৃতির। কালে কালে মানবসমাজের সার্বিক জাগরণ ঘটেছে সমাজ-প্রগতিরই পথ বেয়ে। কোনো জাতিসত্তার আত্মপরিচয়, তার নিজস্ব সংস্কৃতির যথাযথ বিকাশ এবং ইতিবাচক রূপান্তর ক্রিয়ার সঙ্গে জ্ঞানের চর্চা অবশ্য প্রয়োজন। এই সব চর্চার মধ্য দিয়ে যে মুক্ত উদার আত্মনির্ভরশীল ও প্রগতিশীল জাতি এবং তার সংস্কৃতি নির্মিত হবে, তার ফলে আমাদের পায়ের তলায় জেগে উঠবে শক্ত ভূমি, জেগে উঠবে সমস্ত অন্ধকার, কুসংস্কার, কূপমণ্ডুকতা, ক্ষুধা, দারিদ্র্য ও পরাজয়ের গ্লানি থেকে মুক্তির সাহস ও শক্তি।
আমাদের দৃঢ় বিশ্বাস, সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিক পরিচর্যা মানবসমাজের কল্যাণময়তাকে এগিয়ে নিয়ে যাবে শুভবোধের দিকে। এই শুভচেতনা, সর্বজনের কল্যাণ ও সকল মানুষের বেঁচে থাকবার ন্যূনতম প্রয়াসের সাংস্কৃতিক অঙ্গীকারকে ধারণ করে প্রগতিশীল সংস্কৃতির অনুশীলনই করে চলেছে ছায়ানট। ছায়ানট মনে করে জ্ঞান ও সংস্কৃতির মেলবন্ধন ও ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে গড়ে উঠবে প্রস্ফুটিত হবে বাঙালির যথার্থ পরিচয়।
এই লক্ষ্যে গুণীজন ও বিশেষজ্ঞের উপস্থাপনায় ছায়ানট অনিয়মিতভাবে বাংলা মাসের তৃতীয় শুক্রবার সকাল ১০.২০-এ ছায়ানট মিলনায়তনে আয়োজন করছে নির্ধারিত বক্তৃতামালা। আগ্রহী জন, জ্ঞানপিপাসুর উন্মুক্ত এ’অনুষ্ঠানের প্রবেশ বিনিময় ত্রিশ টাকা। অনুষ্ঠানের আগে অনুষ্ঠানস্থলেই পাওয়া যাবে প্রবেশপত্র।