শিকড়ের লক্ষ্য ও উদ্দেশ্য
দেশের প্রচলিত অসম্পূর্ণ ও গণ্ডিবদ্ধ স্কুলশিক্ষার ঘাটতি পূরণ এবং শিশু-কিশোরকে তার মন ও মননের প্রয়োজনীয় রসদ জোগান দেওয়ার কার্যক্রম ‘শিকড়’। তাদের সামূহিক বিকাশ সুগম করার এক বিকল্প শিক্ষাকর্ষণার উদ্যোগ। কার্যক্রমের মুখ্য উদ্দেশ্য শিশুদিগের মনে প্রকৃতি ও মানবপ্রেমের আনন্দযোগসহ বাংলা ও বাঙালি সংস্কৃতির সঙ্গে অন্তরঙ্গ সম্মিলন ঘটানোয় সহায়তা দেওয়া। এই কার্যক্রমের পাঠ ও অনুশীলন আবর্তিত―গতানুগতিক শ্রেণিশিক্ষার ধারা অর্থাৎ মুখস্থবিদ্যা আর পরীক্ষানির্ভর শিক্ষাপদ্ধতি এড়িয়ে আঁকা-গড়া, গল্প-কবিতা-নাটক ও নৃত্য-গীত-খেলার সমন্বয়ে। দেশ তথা দেশজ যাবতীয় সাংস্কৃতিক অনুষঙ্গের প্রতি শিশুদের সানন্দ-অভিনিবেশের দিকটি রাখা হয়েছে সর্বোচ্চ বিবেচনায়। আমাদের বিশ্বাস―দেশপ্রেম, দেশাত্মবোধ কিংবা দেশমাতৃকার সকল সৌন্দর্য ও মাহাত্ম্য হৃদয়ে ধারণ করে আমাদের শিশুরা হয়ে উঠবে কৃতী বিশ্বমানব।